মাদারীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে পুলিশের পিটুনিতে কয়েকজন পরিবহন শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার পর কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন।
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক নূর-উর-রহমান, এসএসপি (সার্কেল) রাসেল শেখ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঙ্গে শ্রমিক নেতাদের প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ১০টার দিকে শহরের বাগেরপাড় এলাকার ২৫/৩০ জন যুবক জোর করে স্টেডিয়ামে অনুষ্ঠানরত শিল্প ও বাণিজ্য মেলার সার্কাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একজন আহত হয়।
এর জের ধরে ওই যুবকরা মেলার মাঠে বসানো ফোয়ারা ভাংতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা পুলিশের স্টলে হামলা চালিয়ে ভাংচুর এবং চার পুলিশ সদস্যকে মারধর করে বলে ওসি জানান।
পরে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, পুলিশ মেলার বাইরে অতর্কিতে লাঠিপেটা করায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
এর প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে মাদারীপুর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। ফরে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এই পরিস্থিতিতে দুপুরে শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমানকে আহবায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজান বলেন, “কমিটিকে সংঘর্ষ ও পিটুনির বিষয়টি তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া নৌমন্ত্রী শাজাহান খান বিদেশ থেকে এসে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের।”
শ্রমিক নেতারা বিকাল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পরপরই আবার যান চলাচল শুরু হয়। শনিবার সকাল থেকে দূরপাল্লার বাসও স্বাভাবিকভাবে চলাচল করবে বলে মিজান জানেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24