ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট বিজয়ী দুই বাংলাদেশি নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তাদের বিজয় বাংলাদেশে উদ্দীপনা বয়ে এনেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে নারীরাও পারদর্শী। কীভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় নারীরাও তা জানে।”
অনুষ্ঠানে নিশাত ও ওয়াসফিয়ার হাতে শিল্পী রঞ্জিত বিশ্বাসের আঁকা দুটি চিত্রকর্ম তুলে দেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
নারীদের জন্য এখনো অনেক চ্যালেঞ্জ ও অনেক কাজ বাকি রয়েছে মন্তব্য করে শিরীন শারমিন বলেন, “তারা যদি ইচ্ছে করেন তাহলে সচেতনতামূলক ও গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে পারবেন। কারণ তারা কথা বললে তরুণ সমাজের মধ্যে এর প্রভাব পড়বে।”
নারী নির্যাতন ও যৌতুক প্রথা বন্ধে এবং পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতেও এভারেস্ট বিজয়ী নারীরা ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
নিশাত ও ওয়াসফিয়ার এই অভিযাত্রাকে আরো সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
নিশাত মজুমদার বলেন, “এভারেস্ট জয়ের পর সবাই যে আমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে, এতে খুব ভালো লাগছে।
তবে বাংলাদেশের আরো অনেক নারী এভারেস্টে উঠতে পারেলেই ‘সত্যিকারের’ বিজয় হবে বলে মনে করেন ওয়াসফিয়া।
গত ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। তার এক সপ্তাহের মাথায় ২৬ মে এভারেস্টের চূড়ায় ওঠেন ওয়াসফিয়া।
নিশাত ও ওয়াসফিয়ার আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার এক বছরের মাথায় গত বছর এম এ মুহিতও ওঠেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুর আরা হকের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24