নোয়াখালী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে নোয়াখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশের করা এ মামলায় ৭২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ এপ্রিল জেলা শহরের স্টার রেস্তোরাঁয় ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু নাছেরের ছোট ভাই আবু তাহের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করা হয়। অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন।
জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আসামিরা নোয়াখালীর বিচারিক হাকিম এস এম জাকির হাসানের আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে তা মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, বলেন ওসি।
এরমধ্যে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহম্মদ, যুগ্ম-সম্পাদক সামছুদ্দোহা মিঠু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাফর উল্লা রাসেল, যুগ্ম-আহ্বায়ক কলিম উল্লা, সদর থানা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন প্রমুখ।
ওসি আরো বলেন, এরপরই বিএনপি নেতাকর্মীরা শহরের দত্তেরহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা ৩/৪টি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ সেখানে গিয়ে অবরোধকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন- শাহারাজ হোসেন, আফজাল হোসেন ও আবদুর রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৬ ঘ.
bdnews24