২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বৈধতা নিয়ে রিট খারিজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি মোয়াজ্জেম হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। এই আবেদনে এর আগে একটি বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ায় তা তৃতীয় বিচারপতির কাছে আসে। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আগে সশস্ত্র বাহিনী এবং সহায়ক বাহিনীর সদস্যদের বিচারের জন্য আইনটি হয়েছিল। ২০০৯ সালে এর সঙ্গে ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিচার করা যাবে, এমন বিধান যুক্ত করা হয়।” “মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে এ সংশোধনী করা হয়েছে। এখানে মূল আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর এখানে মৌলিক অধিকারের দোহাই দেওয়া যাবে না,” বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(২) ধারা সংশোধনীর বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন চট্টগ্রামের আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী। গত ১৩ মে হাই কোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফরিদ আহাম্মদ আইনের সংশোধনী কেন সংবিধান বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। কিন্তু কনিষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ আবেদনটি খারিজ করে দেন। এরপর নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি সুরাহার জন্য বিচারপতি মোয়াজ্জেম হোসেনের একক বেঞ্চ গঠন করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯২৬ ঘ.