বেনাপোল, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা করায় আসামিরা নিহত সাংবাদিক জামাল উদ্দীনের স্বজনদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
শুক্রবার রাতে শার্শা উপজেলার কাশিপুর বাজারের সাংবাদিক জামাল উদ্দীনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেছেন নিহতের বাবা আব্দুল আলিম।
ঘটনার দিন আসামি তোতা মিয়ার স্ত্রী লতা বেগম (পরে মামলার আসামি) এবং সোমবার কাশীপুর বাজারের এক দোকানদারকে আটক করা হয়।
মামলার আসামিরা হলেন শার্শার ট্যাংরালি গ্রামের আমজেদ মোল্লার ছেলে বজলু, আব্দুল লতিফের ছেলে জসিম, কাশিপুর গ্রামের শমসের আলি মল্লিকের তিন ছেলে তোতা মিয়া, উকিল উদ্দিন ও রাজু, তোতার স্ত্রী লতা বেগম, একই গ্রামের আকবর শেখের ছেলে রমজান মেম্বার।
মামলার বাদী আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা করার পর থেকে তাকে এবং তাদের আত্মীয় সাবেক চেয়ারম্যান আব্দুল খালেককে মোবাইল ফোনে বার বার হুমকি দিচ্ছে।
মামলা তুলে না নিলে সাংবাদিক জামালের সন্তানদেরও একইভাবে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে আসামিরা, বলেন আলিম।
এদিকে এ হত্যার প্রতিবাদে বেনাপোল, শার্শা, বাগআচড়ার সাংবাদিকরা এবং স্থানীয় জনতা সোমবার বিকালে বাগআচড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় যশোর-সাতক্ষীরা মহসড়কে ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
শার্শা প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাগআচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল, নাভারন ও বাগআচড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদি, বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহসিন মিলন, এটিএন বাংলার আহমদ আলি শাহিন, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, দৈনিক দিগন্তের এমএ মান্নান, জি টিভির শাজাহান সবুজ, সংবাদের দেবুল দাস, লোকসমাজের মনিরুল ইসলাম মনি, সাংবাদিক ফোরামের সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি সিদ্দিকুর রহমান সান্টু, গ্রামের কাগজের মুসলিম উদ্দিন পাপ্পু, চ্যানেল আই’র সাজেদুর রহমান, ইসলামী টিভির মশিয়ার রহমান প্রমুখ।
এ ব্যাপারে শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি লতা বেগমকে জিজ্ঞাসবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার নথি থেকে জানা যায়, মাদক ও চোরাচালান বিরোধী সংবাদ প্রকাশের কারণে আসামিরা জামাল উদ্দীনের উপর ক্ষুব্ধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে
কাশিপুরে জামালের পরিবারে মাতম
শার্শার কাশিপুর গ্রামে জামালের স্বজনদের আহাজারি এখনও থামেনি। বৃদ্ধ বাবা আব্দুল আলিম ও মা চায়না বেগম বড় ছেলেকে হারিয়ে যেন পাথর হয়ে গেছেন। কান্না থামেনি জামালের স্ত্রী, এক ছেলে ও দু’মেয়ের। এছাড়া রয়েছে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা।
সোমবার শার্শা প্রেসক্লাবের সাংবাদিকরা জামালের বাড়ি গেলে তার স্ত্রী সোনালী বেগম বলেন, সন্তানদের নিয়ে তার সব ভবিষ্যৎ পরিকল্পনা শেষ হয়ে গেছে। স্বামীর তিন শতাংশ ভিটে ছাড়া আর কিছুই নেই তাদের।
“সামনে শুধুই অন্ধকার দেখছি। নিরাপত্তাহীনতায় ভুগছি,” বলেন তিনি।
সোনালী বেগম আরো বলেন, “আমার স্বামী সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লিখে এয়েছে (এসেছে)। জীবনে কিছুই করতি (করতে) পারিনি। মাদক চোরাকারবারীদের নিয়ে লিখত। ওরা তাকে কয়েকবার হত্যার হুমকিও দেছে। কিন্তু কোনো কিছুই ওকে দমাতে পারেনি।”
জামালের বারো বছরের বড় মেয়ে রিয়া বিলাপ করছে, “আল্লাহ আমার বাপেরে ফিরিয়ে এনে দেউ। আর কিছু চাই না।”
সদ্য এসএসসি পাশ করা একমাত্র ছেলে চঞ্চলকে কেউই সান্তনা দিতে পারছে না। চার বছরের মেয়ে নেহা নির্বাক দেখচে সবকিছু। বাড়িতে কি ঘটেছে, এতে তার কি হল তার কিছুই সে বুঝতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24