বগুড়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাতলা উপজেলা হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদে সোমবার জেলার সব সরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা এ কর্মসূচি দিয়েছে।
তবে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
বিএমএ বগুড়া জেলা সাধারণ সম্পাদক ডা. রেজাউল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি চলবে। আসামিরা গ্রেপ্তার না হলে পরে অন্য কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মবিরতি চললেও জরুরি বিভাগ প্রতিনিদন দুইঘণ্টা চালু থাকবে বলে তিনি জানান।
গত মঙ্গলবার রাতে সোনাতলা সদরের মাসুদ রানা (২০) নামে এক যুবক অ্যারোসোল পান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়ার পর চিকিৎসক ডা. নাজমুস সাকিব রোগীর অবস্থা দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠাতে বলেন।
তাকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জন লোক হাসপাতালে গিয়ে নাজমুস সাকিবসহ দুই চিকিৎসককে মারধর করে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চার জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। বৃহস্পতিবার বিএমএ জেলা কমিটি অভিযুক্তদের গ্রেপ্তারের সময় বেঁধে দেয় শনিবার পর্যন্ত।
এদিকে পুলিশ সুপার মোজাম্মেল হক জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে তিনি গ্রেপ্তার ব্যক্তির নাম বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24