সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে অস্ত্র বিক্রির সময় বিদেশি রিভলবারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে দক্ষিণ বাগবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাজগড়া গ্রামের ফালান মিয়ার ছেলে মো. হোসেন আলী (২৯) ও ভাঙ্গাপাড়া গ্রামের আজাদ খানের স্ত্রী মোছাম্মত জয়ফুল (৩০)।
র্যাব-৯ এর উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অস্ত্র বিক্রির সময় এ দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের ছাতক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমডি/১৯০০ ঘ.
bdnews24