২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন কাঠামোর পর্ষদ পেল সংবাদকর্মীরা

বেতন-ভাতা বাড়াতে সংবাদকর্মীদের আন্দোলনের মুখে নতুন বেতন কাঠামো ঠিক করতে সরকার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারককে প্রধান করে অষ্টম মজুরি বোর্ড গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বাড়াতে সংবাদকর্মীদের আন্দোলনের মুখে নতুন বেতন কাঠামো ঠিক করতে সরকার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারককে প্রধান করে অষ্টম মজুরি বোর্ড গঠন করেছে। প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে সোমবার গঠন করা পর্ষদে সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের সমান সংখ্যক প্রতিনিধি রয়েছেন। প্রস্তাবিত ওয়েজ বোর্ড অন্তর্বর্তীকালীন সময়ে সংবাদপত্র কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার বিষয় বিবেচনা করে সরকারের কাছে সুপারিশ করবে বলা হয়েছে এক সরকারি বিজ্ঞপ্তিতে। আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে তারা সুপারিশ পেশ করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে সদস্য হিসেবে রাখা হয়েছে- দি ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. কামালউদ্দিন। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব জি এন নজমুল হোসেন খান বোর্ডের সচিবের দায়িত্ব পালন করবেন। এই বোর্ড ৭ম সংবাদপত্র মুজরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সুপারিশ করবে। সুপারিশ প্রণয়নের সময় সংবাদপত্র মজুরি বোর্ড, সংবাদপত্রে বিদ্যমান আর্থিক অবস্থা ও সক্ষমতা, জীবনযাত্রার ব্যয়, সরকার, কর্পোরেশন এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সমতুল্য চাকরির মজুরির বিরাজমান হার, দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদ শিল্পের বিদ্যমান অবস্থা বিবেচনা করে দেখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৭ ঘ.