সাতক্ষীরা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতাকা বৈঠকের পর সাতক্ষীরা সদরের রাখাল মো. আলমগীর হোসেনকে ফেরত দেয়নি বিএসএফ।
সোমবার ভোরে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি থেকে আলমগীরকে (৩২) ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। আলমগীর সদর উপজেলার তলুইগাছা গ্রামের অজিহার রহমানের ছেলে।
বিজিবি ৩৮ ব্যটালিয়নের উপ-অধিনায়ক মেজর এসএনএম সামিউন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি আলমগীরকে ফেরত চেয়েও পায়নি।
তিনি বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের তরালি এলাকায় বিএসএফ সদস্যরা ধাওয়া দেয়। এসময় বিএসএফ আলমগীরকে ধরে মারধর করে ক্যাম্পে নিয়ে যায়।
“বিএসএফ সদস্যরা জানান, আলমগীর অসুস্থ থাকায় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হবার পর ফেরত দেয়া হবে,” যোগ করেন বিজিবি কর্মকর্তা।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার তলুইগাছা বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মুজিবর রহমান ও বিএসএফ’র নেতৃত্ব দেন তারালি বিওপি কমান্ডার অরবিন্দু কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৩ ঘ.
bdnews24