কক্সবাজার, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গাদের দাঙ্গা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে কক্সবাজারে ইসলামী ঐক্যজোটের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে জেলা শহরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ইসলামী ঐক্যজোটের সাংগিঠক সচিব আজিজুল হক ইসলামাবাদী, জেলা সহ-সভাপতি আ হ ম নুরুল কবির হিলালী, সহ-সভাপতি আবদুল হক এবং হ্নীলা মাদ্রাসার অধ্যক্ষ আবছার উদ্দিন চৌধুরী। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে গত ৮ জুন দাঙ্গা শুরু হয়।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনো প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24