২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ভেঙে পড়া ট্রাকের নিচে দুটি লাশ

দুর্ঘটনার পর থেকে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিখোঁজ রয়েছেন। তবে শনাক্ত হওয়া লাশ দুটি তাদের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিলেট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানিগঞ্জে সেতু ভেঙে খালে তলিয়ে যাওয়া ট্রাকের নিচে দুই জনের লাশ শানাক্ত করেছে ডুবুরি দল। রোববার বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা লাশের সন্ধান পান বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুন্ডু। তিনি জানান, “ট্রাক তুলতে ভারি কোন ক্রেন না থাকায় ট্রাকের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” শুক্রবার রাত ৯টার দিকে ওই সেতু ভেঙে পাথবোঝাই ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। রাতে উদ্ধার অভিযানে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এরই মধ্যে আব্দুল হক (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। ওই দুর্ঘটনার পর থেকে একটি ট্রাকের চালক জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের মনির হোসেন ও তার সহকারী একই উপজেলার চারিকাটা গ্রামের আনোয়ার মিয়া নিখোঁজ রয়েছেন। তবে শনাক্ত হওয়া লাশ দুটি তাদের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতের পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে তল্লাশি চালায়। বেলা ৩টার দিকে তারা ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় দুটি লাশ শনাক্ত করেন। এদিকে খালে পড়ে যাওয়া যানবাহন উদ্ধারে চট্রগ্রাম থেকে আনা হচ্ছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ক্রেন পৌঁছালে গাড়িগুলোর উদ্ধার তৎপরতা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৭ ঘ.