ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারির আড়াই ঘণ্টার মাথায় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর পুলিশের উপ কমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল পৌনে ৪টায় মতিঝিলে দৈনিক নয়াদিগন্ত কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মীর কাশেম নয়া দিগন্তের মূল প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান।
গ্রেপ্তারের পরপরই তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান।
এর আগে বেলা আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এই জামায়াত নেতাকে গ্রেপ্তারের আদেশ দেন।
আদেশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মীর কাশেমকে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ সকালে রেজিস্ট্রারের কাছে মীর কাশেমকে গ্রেপ্তারের আবেদন জমা দেয় বলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রসিকিউটর রানা দাশগুপ্ত শুনানিতে এই জামায়াত নেতার মানবতাবিরোধী কয়েকটি ঘটনা তুলে ধরে বলেন, “একাত্তরে তিনি জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের নেতা ছিলেন। আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগাম অঞ্চলের প্রধান নিযুক্ত হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রুপন্তর করে নির্যাতন ক্যাম্প স্থান করে।”
“এই ডালিম হোটেলেই চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সংখ্যালঘু নিরস্ত্র নিরীহ জনগণকে ধরে এনে নির্যাতন করে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া হতো”, যোগ করেন প্রসিকিউটর।
একাত্তরের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাশেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন রানা দাশগুপ্ত।
তিনি ট্রাইব্যুনালকে জানান, “মীর কাশেম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। প্রভাবশালী নেতা হওয়ায় তিনি গ্রেপ্তার ও বিচার এড়াতে দেশত্যাগ করতে পারেন। পাশাপাশি ট্রাইব্যুনালের বিচার কাজ ব্যহত করতে বিভিন্ন দেশে অপপ্রচার চালাতে পরেন।
“এই অবস্থায় তদন্ত কাজ নির্বিঘ্ন করতে ন্যায় বিচার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন।”
আবেদনে মীর কাশিম আলীর ঠিকানা উল্লেখ করা হয়েছে- ২৮৭ দক্ষিণ মনিপুর, মোল্লাপাড়া, মীরপুর, ঢাকা।
মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাশেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের দায়িত্ব নেন।
মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাশেম ছিলেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মীর কাশেম পালিয়ে সৌদি আরবে চলে যান। আবার দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর।
বর্তমানে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক, ইবনে সিনা ট্রাস্টের সদস্য এবং বেসরকারি সংস্থা রাবেতা আলম আল ইসলামীর পরিচালকেরও দায়িত্বে রয়েছেন।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ৬ শীর্ষ নেতা ও দুই বিএনপি নেতার বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিসি/এলএইচ/কেটি/এমএমআর/জেকে/১৬১২ ঘ.
bdnews24