২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের শেষকৃত্যে যোগ দিতে সৌদি আরবে দুই মন্ত্রী

সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের শেষকৃত্যে অংশ নিতে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের শেষকৃত্যে অংশ নিতে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর জানায়, রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন দীপু মনি ও মোশাররফ। জেদ্দায় অবতরণের পর সেখান থেকে তারা মক্কায় যাবেন। ১৯ জুন সকালে দুই মন্ত্রী দেশে ফিরবেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবরাজ নায়েফ। রোববার মাগরিবের পর মক্কায় তার জানাজা হওয়ার কথা রয়েছে। গত অক্টোবরে যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর পরবর্তী যুবরাজ হিসেবে নায়েফের নাম ঘোষণা করেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ। ৮৯ বছর বয়সী আব্দুল্লাহর পর উত্তরাধিকারসূত্রে দেশটির বাদশা হওয়ার দাবিদার ছিলেন নায়েফ। তিনি সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সউদের প্রায় ৪০ জন ছেলের একজন নায়েফ। বর্তমান বাদশা আব্দুল্লাহও নায়েফের ভাই। নায়েফের মৃত্যুতে তার ছোট ভাই সালমান দেশটির নতুন যুবরাজ হবেন বলে ধারণা করা হচ্ছে। গত নভেম্বরে ৭৬ বছর বয়সী সালমানকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী করা হয়। গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্বও পালন করছেন সালমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১২৩৫ ঘ.