নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিদেশ ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল মিয়া (২৫) সোনাকান্দার পারুল মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি মো. আকতার হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাত ফেরত উজ্জল মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার আজমান, কালু মিয়া, কাশেম, সুজন ও মাসুদের জমি নিয়ে বিরোধ ছিল। ওই জমি নিয়ে একটি মামলাও হয়।
“দুপুরে দু’পক্ষের লোকজনদের বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা উজ্জ্বলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”
আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮২১ ঘ.
bdnews24