২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাষাঢ়া বোমাহামলার তদন্তেই ১১ বছর

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ১১ বছর পরও বিচার শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ১১ বছর পরও বিচার শুরু হয়নি। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মামলা ‘মৃত’ হয়ে গেলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি পুনরুজ্জীবিত হয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। দুই বছরেও তদন্তেও কাজ শেষ না হলেও তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কর্মকর্তা এহসান উদ্দিন চৌধুরী বলেছেন, জঙ্গি সংগঠন হুজির সম্পৃক্ততা উল্লেখ করে খুব শিগগিরই তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করবেন। বোমা হামলার দিনটি স্মরণে স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। মামলার বাদি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছেন, তারা সুষ্ঠু তদন্তেও মাধ্যমে খুনিদের শাস্তি দেখে যেতে চান। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ার আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ দলের শতাধিক নেতাকর্মী। ঘটনার দিনই পর পরই নারায়ণগঞ্জ মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন খোকন সাহা। মামলায় স্থানীয় বিএনপির ২৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে বলা হয়, ঘঁনার সঙ্গে আসামিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ২০০৯ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি পুনরুজ্জীবিত করে সুষ্ঠুভাবে নিস্পত্তির আদেশ দিলে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির নারায়ণগঞ্জ জেলার সহকারী সুপার এহসান উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। “২০০৯ সালে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি পুনরুজ্জীবিত হওয়ার পর থেকেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করতে পারব।” “হুজি নেতা মুফতি হান্নান এবং ভারতে পুলিশের কাছে আটক দুই ভাই মোত্তাকিন ও মুরসালিন এই বোমা হামলা সংঘটিত করেছে বলে তদন্ত ও সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হওয়া গেছে,” বলেন তিনি। সাতজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে এই বছরই তদন্তের দায়িত্ব পান এহসান উদ্দিন। মামলার বাদি খোকন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ১২ নম্বর আসামি শহর স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া ভারতে বিস্ফোরকসহ আটক হরকাতুল জিহাদ (হুজি)’র সদস্য মহিবুল মুত্তাকিম ও আনিসুল মুরসালিন ভারতীয় পুলিশের কাছে চাষাঢ়া বোমা হামলার কথা স্বীকার করেছে। “আমরা চাই, হত্যাকারীদের বিচার হোক। তবে নিরাপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়,” বলেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা গত ১৩ জুন চাষাঢ়ায় সিআইডি কার্যালয়ে বোমা হামলায় আহত ও ঘটনাস্থলে উপস্থিত ১০ জন ও মামলার বাদির স্বাক্ষ্য গ্রহণ করেন। তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সিআইডিকে বলেন, পূর্বানির্ধারিত গণসাক্ষাৎ কর্মসূচির পাশাপাশি দেওভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য দলীয় নেতাকর্মীরাসহ তিনি কার্যালয়ে ছিলেন। রাত সোয়া ৮টার দিকে উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক তার ও পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদনপত্রে তাকে সুপারিশ করার জন্য জোরাজুরি করতে থাকেন। তিনি সুপারিশ করতে অপারগতা প্রকাশ করলে তর্ক শুরু করেন ওবায়দুল। “এই সময় একটি আবেদনপত্রে আমার স্বাক্ষর নিতে ব্রিফকেস হাতে দুই যুবক কার্যালয়ে ঢোকে। ফটোকপিতে সুপারিশ করা যায় না জানালে তারা ব্রিফকেসটি অফিসের ভেতরে রেখে মূলকাগজটি আনার কথা বলে বাইরে যায়। এর কিছু পরেই প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরিত হয়,” বলেছেন শামীম। ছবি দেখে শামীম সনাক্ত করেন, মুত্তাকিম ও মুরসালিনই সেদিন ব্রিফকেস নিয়ে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৫৩০ ঘ.