নেত্রকোনা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নেত্রকোনা রুটের মহুয়া এক্সপ্রেসের গার্ডকে মারধর করায় বারহাট্টা থানার এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কনস্টেবল প্রেমানন্দকে শুক্রবার রাতে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ।
বারহাট্টা রেল স্টেশন মাষ্টার হায়দার আলী সাংবাদিকদের জানান, মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার বিকাল ৬টার দিকে ময়মনসিংহ স্টেশনে পৌঁছে। সেখান থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার সময় বারহাট্টা থানার চারজন কনস্টেবল ট্রেনের গার্ডব্রেকে চড়ে আসতে চান।
“গার্ডব্রেকে যাত্রী পরিবহনের নিয়ম না থাকায় গার্ড আব্দুল গফুর তাদের উঠতে দেননি। ট্রেনটি রাত ৮টার দিকে বারহাট্টা স্টেশনে পৌঁছলে কনস্টেবল প্রেমানন্দ গার্ডকে মারধর করেন,” বলেন তিনি।
গার্ডকে মারধর করায় রেলকর্মীরা কাজ বন্ধ কওে দিলে ট্রেনটি বারহাট্টা স্টেশনে আটকে থাকে। পরে বারহাট্টা থানার ওসি স্টেশনে এসে কনস্টেবল প্রেমানন্দকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানালে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
ওসি সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, ট্রেনের গার্ডকে মারধরের বিষয়টি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে জানানো হলে তিনি কনস্টেবল প্রেমানন্দকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। রাতেই তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৪ ঘ.
bdnews24