কক্সবাজার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে টেকনাফের বাহারছড়ায় শুক্রবার বঙ্গোপসাগরে বেশকিছু মাছধরা নৌকা ডুবে গেছে।
এতে দুই জেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানালেও প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করেনি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, তার ইউনিয়নের বাহারছড়া গ্রামের মমতাজ উদ্দিনের (৩৫) লাশ স্থানীয়রা উদ্ধার করেছে। এছাড়া হাসান আহমদ নামে আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এছাড়া আরো ছযজন জেলে নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।
হাবিব উল্লাহ আরো বলেন, ভোরে নৌকাগুলো প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। সকালে ফেরার পথে ঝড়ে ২৫টি নৌকা ডুবে যায়।
বাহারছড়া পুলিশ চৌকির উপ-পরিদর্শক মাসরুরুল হক বলেন, “সকালে ১০-১৫টি ছোট নৌকা ডুবে যাওয়ার কথা শুনেছি। তবে কোনো লাশ এখনো পাওয়া যায়নি।”
দুইটি লাশ পাওয়ার কথা জানালে তিনি বলেন, তাদের কাছে এমন কোনো খবর আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24