২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণে সংশোধিত বিল পাস

জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়িয়ে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়িয়ে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল সংসদে পাস হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা বিলটি বৃহস্পতিবার পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন’র ৯ ধারায় বলা ছিল, আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে সরকার প্রতি জেলায় অর্পিত সম্পত্তির মৌজাভিত্তিক তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করবে। সংশোধিত আইনে এই সময়সীমা ৩০০ দিন করা হয়েছে। মূল আইনে ছিল, তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে অর্পিত সম্পত্তির দাবিদার মনে করলে দাবির সমর্থনে প্রয়োজনীয় প্রমাণাদিসহ গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি অথবা ট্রাইব্যুনালে ওই সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করতে পারবেন। সংশোধিত আইনে এই সময়সীমা ১২০ দিন করা হয়েছে। এছাড়াও ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন’এ উল্লেখিত ‘প্রত্যার্র্পণযোগ্য’ শব্দটির পরিবর্তে ‘অর্পিত’ শব্দ প্রতিস্থাপিত হয়েছে। অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশে সময় বেশি লাগায় আইনে এই সংশোধন আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৫৩ ঘ.