২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকে হাজির হয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তদন্ত কর্মকর্তার বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রয়াত রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে আবুল হাসান। তিনি ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলেন। মূল সেতু নির্মাণ ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিতের পর বিষয়টি তদন্তে সিদ্ধান্ত নেয় দুদক। এক দফা তদন্তের পর গত ২ ফেব্রুয়ারি দুদক জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দরপত্র প্রক্রিয়া শুরু হওয়ার পর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেতু ভবনে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সেতু বিভাগের শীর্ষ কর্মকতা ও এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের মধ্যে হওয়া একটি বৈঠকে মধ্যস্থতা করেন।” “ওই বৈঠকের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে,” বলেন ওই কর্মকর্তা। আবুল হাসান তদন্ত কর্মকর্তাকে জানান, এসএনসি-লাভালিনের স্থানীয় প্রতিনিধি তার আত্মীয়। তার অনুরোধেই তিনি সেদিন সেতু ভবনে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো তদবির করেননি। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ‘বন্ধু মানুষ’ বলে উল্লেখ করেন আবুল হাসান। হাসান যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন হোসেন। জিজ্ঞাসাবাদ করা হবে নিক্সন চৌধুরী তদন্তে সরকার দলীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের বড় ভাই নিক্সন চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করবে দুদক। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এ বিষয়ে কিছু তথ্য জানতে নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত হয়েছে। আবার ডাকা হতে পারে আবুল হোসেনকে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “নতুন কিছু তথ্য আমাদের হাতে এসেছে। এ তথ্য মিলিয়ে দেখার প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।” এর আগেও আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। পরামর্শক নিয়োগের বিষয়ে দুর্র্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, “এসএনসি-লাভালিন নামে যে প্রতিষ্ঠানটির বিষয়ে অভিযোগ উঠেছে, তার বিষয়ে তথ্য চেয়ে গত ফেব্রুয়ারিতে কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের কাছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।” কানাডা ও যুক্তরাজ্যের যৌথ অংশীদারিত্বের প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় কানাডাও তাদের বিরুদ্ধে তদন্ত করছে। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৩০০ কোটি টাকা। ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছিল। এর প্রথমটি ছিল এসএনসি-লাভালিন। অন্যগুলো হলো; যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হালক্রো গ্রুপ ইউকে, নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম অ্যান্ড এজেডএল, জাপানের ওরিয়েন্টাল কনসালটেন্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের জয়েন্ট ভেনচার কোম্পানি হাই পয়েন্ট রেলেন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৩২ ঘ.