গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় গাজীপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইনুল হকের (৫৫) বাড়ি কুড়িগ্রামের অলিপুরের দাড়াপাড় এলাকায়। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ভাড়া থাকতেন।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে চান্দনা-চৌরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় সিমেন্টের কনক্রিট-মিকচার বোঝাই একটি গাড়ি আইনুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় দায়িত্বরত মহাসড়ক পুলিশ গাড়ি ও চালক আব্দুল মান্নানকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২২৯ ঘ.
bdnews24