ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে মারার মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম ও কামাল আনোয়ার আহমদ।
বুধবার মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে পুলিশের পক্ষ থেকে তাদের ১০ দিনের হেফাজত চাওয়া হলে বিচারক পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এ সময় আসামিদের জামিনের আবেদন নাকচ করা হয় বলে জানান আসামিদের একজন আইনজীবী রায়হান মোর্শেদ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘গুমের’ ঘটনায় গত ২২ এপ্রিল বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার খিলগাঁওয়ে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাতে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ওই বাসের চালক বদর উদ্দিন। তিনি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এইচএ/২২০৭ ঘ.
bdnews24