ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা বা বিরোধের দ্রুত নিষ্পত্তিতে দেশের বিচার ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, “দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। এতে বিচারপ্রার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি আদালতগুলোতেও মামলাজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।”
“এ জন্য দেওয়ানী আইন সংশোধন করে এতে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে আদালতের বাইরে দ্রুত ও কম খরচে বিরোধের নিষ্পত্তি সম্ভব হবে। দুইপক্ষের মধ্যে সদ্ভাবও বজায় থাকবে”, যোগ করেন আইনমন্ত্রী।
বুধবার বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে এডিআর কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এতে মূলবক্তব্য উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) বেসরকারি খাত উন্নয়ন বিশেষজ্ঞ নীনা পাভলোভা মচিভা।
বাণিজ্যিক বিরোধের বিভিন্ন ক্ষেত্র, সমাধান পদ্ধতি ও অন্যান্য দেশের উদাহারণ তুলে ধরা হয় কর্মশালায়।
এতে উপস্থিত ছিলেন আইন সচিব আশীষ রঞ্জন দাস, যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার প্রমুখ। আরো অংশ নেন কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
দেশের আদালতগুলোতে ২০ লাখেরও বেশি মামলা বিচারাধীন আছে উল্লেখ করে শফিক আহমেদ বলেন, এই পরিস্থিতিতে কী করণীয় বা কী করা উচিৎ? বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি সময় ও অর্থ বাঁচাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দেওয়ানী মামলায় এডিআর অন্তর্ভুক্ত করে একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।
তিনি এডিআর বাস্তবায়নে মধ্যস্থতাকারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের প্রজ্ঞা ও ইতিবাচক মনোভাবের উপর গুরুত্ব আরোপ করেন।
বাণিজ্যিক মামলা নিষ্পত্তিতে দেরি হওয়ায় বিদেশী বিনিয়োগকারীরা অনেক সময় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। বাণিজ্যিক মামলা নিষ্পত্তিতে এডিআর অন্তর্ভুক্ত হলে এদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৩৩ ঘ.
bdnews24