গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
বুধবার দুপুরে সফিপুরে গোমতি টেক্সটাইল কারখানার শ্রমিকদের এই অবরোধ চলাকালে ঢাকা-টাঙ্গাইল সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার শ্রমিকদের মে মাসের বেতন গত রোববার দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বেতন আনতে গেলে কর্তৃপক্ষ মঙ্গলবার দেবে বলে জানায়।
বুধবারও বেতন না পেয়ে তারা অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে গাজীপুর ও কালিয়াকৈর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকের উদ্যোগ নেয়।
আধঘণ্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান ওসি।
কারখানার উৎপাদন কর্মকর্তা আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে বকেয়া বেতন বিকালের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24