ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীকে পূর্ব ও পশ্চিম কমান্ডে ভাগের পরিকল্পনা নিয়েছে সরকার।
সেনাবাহিনীর আধুনিকায়ন এবং শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে বুধবার সংসদে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
বিমান বাহিনীর সাবেক প্রধান এ কে খন্দকার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আসমা জেরীন ঝুমুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো তুলে ধরে এ কে খন্দকার বলেন, “স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় সেনাবাহিনীর সামগ্রিক সাংগঠনিক কাঠামো পুনর্গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেনাবাহিনীর বিদ্যমান আদেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ইস্টার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডে বিন্যস্তকরণ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এছাড়া প্রতিটি সদর দপ্তর ও ইউনিটগুলোতে তথ্য-প্রযুক্তির যোগ্যতাসম্পন্ন জনবল ও সরঞ্জাম এবং শান্তিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত ও প্রয়োজনীয় আধুনিক সারঞ্জামগুলো সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ হবে বলে জানান তিনি।
সশস্ত্র বাহিনীর জন্য বর্তমান সরকারের সময়ে কী কী কেনা হবে, তাও তুলে ধরেন এ কে খন্দকার।
তিনি জানান, ৪৪টি অত্যাধুনিক মডেলের এমবিটি-২০০০ ট্যাংক কেনার প্রক্রিয়া চলছে এবং ১৬টি এফ-৭ জঙ্গি বিমান কেনার চুক্তি হয়েছে।
সংসদ সদস্যের ভুল
সংসদে বিমানবন্দরের নাম ভুল বললেন খুলনা-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল।
প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খানের কাছে করা লিখিত এক প্রশ্নে তিনি জানতে চান, খুলনার একমাত্র বিমান বন্দর ‘শাহ জালাল বিমান বন্দরে’ দুই যুগেও উন্নয়নের কোনো চিহ্নই সুস্পষ্ট নয়। এ বিষয়ে মন্ত্রী কোনো ধারণা দেবেন কী?
জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, “মংলা বন্দরের অদূরে বিমান বন্দরটির নাম খানজাহান আলী বিমান বন্দর।”
পরে মন্ত্রী এ বিমান বন্দরের উন্নয়নে সরকারে পদক্ষেপ তুলে ধরেন।
খানজাহান আলী বিমান বন্দর বাগেরহাট জেলায় অবস্থিত।
এদিকে হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, গত অর্থবছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের লোকসান হয়েছে ২৭৯ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটে লোকসান ৯ কোটি ৬৩ লাখ টাকা। আর আন্তর্জাতিক ফ্লাইটে লোকসানের পরিমাণ ২৬৯ কোটি ৪১ লাখ টাকা।
মন্ত্রী আরো জানান, ২০১১ সালের ৩০ জুন তারিখের নিরীক্ষিত হিসাব অনুযায়ী বিমানের দেনার পরিমাণ ৫১৬ কোটি ১২ লাখ টাকা। আর পাওনার পরিমাণ ২২২ কোটি ৯৯ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24