২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তার ১৪ বছর কারাদণ্ড

অপহরণ মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

পঞ্চগড়, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাস কারভোগ করতে হবে। পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূর আলী মঙ্গলবার এই রায় দেন। দণ্ডিত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তাকে পলাতক ঘোষণা করে গ্রেপ্তারের দিন থেকে সাজার মেয়াদ গণনার আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন বলেন, গত পৌরসভা নির্বাচনের সময় সংরক্ষিত নারী আসনের এক কাউন্সিলর পদপ্রার্থীর সঙ্গে সদর থানার এএসআই তাহেরের পরিচয় হয় এবং পরবর্তীতে তারা একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত বছর ২৩ ফেব্রুয়ারি তাহের ডিএমপিতে বদলি হলে ওই বধূকে দুই ছেলেমেয়ে সহ পঞ্চগড় থেকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান। এ ঘটনায় ওই বছরের ২৬ ফেব্র“য়ারি ওই গৃহবধূর স্বামী পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১২ এপ্রিল তাহেরের বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা করেন। আদালত জেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতার কথা উল্লেখ করা হয়। এ মামলায় আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে বলে জানান আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/ডিডি/২৩২০ ঘ.