২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীরা ধর্মঘটে, ওষুধ নেই নাটোরে

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় নাটোরে সব ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

নাটোর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় নাটোরে সব ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় জেলা শহরে কেউ ওষুধ কিনতে পারছে না। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে র‌্যাব নিয়ে বিকালে শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি দোকানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ রাখা এবং নমুনা (বিক্রির জন্য নয় এমন ওষুধ) রাখার অভিযোগে লার্জ ফার্মাকে চার হাজার টাকা, নুরুন নেসা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং জনপ্রিয় ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই শতাধিক ওষুধ ব্যবসায়ী কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মানববন্ধন করে। এসময় তারা ‘ওষুধের দোকানে র‌্যাব কেন- প্রশাসন জবাব চাই’, ‘অনিয়মতান্ত্রিক ভ্রাম্যমাণ আদালত- বন্ধ কর’ ইত্যাদি স্লোগান দেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নাটোর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আফছার আলী বলেন, ভ্রাম্যমাণ আদালত যখন-তখন ওষুুধের দোকানে অভিযান করে ব্যবসা-বাণিজ্যে বিঘœ সৃষ্টি করে। মনগড়া অভিযোগে বিভিন্ন দণ্ড দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করে। তিনি বলেন, এক মাসের মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে থাকতেই পারে। কারণ কোম্পানির প্রতিনিধিরা একমাস পর পর মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে যায়। এভাবে ব্যবসা করা সম্ভব না। এরপরই তিনি সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ওষুধের দোকান বন্ধের আহ্বান জানান। সমাবেশ শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন। সভাপতির আহ্বানের পরপরই সব দোকান বন্ধ হয়ে যায়। হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় রোগীর লোকজনকে শহরের বিভিন্ন স্থানে ঔষধের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেকে কান্নাকাটি করতে থাকেন। ম্যাজিস্ট্রেট মল্লিকা দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোনো অনিয়ম করা হয়নি। গত ফেব্র“য়ারি মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন ওষুধও কয়েকটি দোকানে পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের বিনামূল্যে যেসব স্যাম্পল (নমুনা) দেওয়া হয় তাও কয়েকটি দোকানে পাওয়া গেছে। এসব কারণেই তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে বলে জানান মল্লিকা দে। সন্ধ্যার পরপরই কানাইখালীর মোল্লা মেডিক্যাল স্টোরে দাদির শ্বাসকষ্টের জন্য ইনহেলার কিনতে এসেছিলেন শহরের মীরপাড়ার বাসিন্দা সাবিনা ইয়াসমীন। তিনি অনেক অনুরোধ করেও কোনো ওষুধ কিনতে পারেননি। এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। শহরের কোথাও কোনো ওষুধের দোকান খোলা না পেয়ে এমন বিপদে পড়েছেন অনেকেই। ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের প্রায় দুইশ’ দোকান বন্ধ রয়েছে। “প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে বুধবার থেকে জেলার সব দোকান বন্ধ করে দেওয়া হবে,” যোগ করেন শফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৭ ঘ.