ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মাসে আগে পাস হওয়া ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন-২০১২’ এর দফায় ভুল হওয়ায় তা আবার সংশোধন করতে বিল উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের সংশোধিত বিলটি উত্থাপন করেন। এর মূল বিলটি গত ৮ ফেব্রুয়ারি পাস হয়েছিল।
উত্থাপনের পর সংশোধিত বিলটি ১০ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
সংশোধিত বিল উত্থাপনের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেছেন, পাস হওয়া বিলে ভুলবশত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বিলোপ এবং যানবাহন সমন্বয় বোর্ড আইন-২০০১ (২০০১ সালের ১৯ নং আইন) রহিতকরণ ও হেফাজত সম্পর্কিত দুটি দফা বাদ পড়ে যায়।
ওই দুটি দফা অন্তর্ভুক্ত করে সংশোধিত বিলটি উত্থাপন করা হয়েছে।
বিলে বলা হয়েছে, “এই আইনের অধীন কর্তৃপক্ষ গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, অতপর বিলুপ্ত বোর্ড বলে উল্লেখিত শব্দগুলো বিলুপ্ত হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০৩ ঘ.
bdnews24