২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-মীমের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাভারে টানা দুই দিনের শ্রমিক অসন্তোষের পর এফবিসিসিআই সভাপতির মালিকানাধীন হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সাভার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে টানা দুই দিনের শ্রমিক অসন্তোষের পর এফবিসিসিআই সভাপতির মালিকানাধীন হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এই কারখানার কর্মীরা সোম ও মঙ্গলবার সাভারের নরসিংহপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হা-মীম গ্রুপের আশুলিয়া প্রকল্পের পরিচালক সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাবাজার এলাকায় আমাদের আর্টিস্টিক ডিজাইন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।” মোহাম্মদ আলী জানান, দ্রব্যমূল্য ও আশুলিয়া এলাকায় বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় শ্রমিকরা দুই হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানোর দাবিতে এ আন্দোলন শুরু করেছে। আশুলিয়া শিল্পাঞ্চলের অন্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। “বিষয়টি নিয়ে কারখানা মালিকদের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। বুধবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করছি আমরা।” আর্টিস্টিক ডিজাইন লিমিটেডসহ আশেপাশের কারখানাগুলোর সহ¯্রাধিক শ্রমিক মঙ্গলবার সকালেও নরসিংহপুর বাসস্ট্যান্ড অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠি, রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাতে আহত নয়জনকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জামগড়া এলাকার পলমল গ্রুপ কারখানার মূল ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে কারখানার কর্মকর্তাদের ৪/৫টি গাড়িসহ কারখানার জানালা-দরজা ভাঙচুর করে। এ সময় তারা নিরাপত্তা রক্ষীদের ঘর ও অফিস কক্ষের আসবাবপত্র সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি খারাপের দিকে গেলে কর্তৃপক্ষ নরসিংহপুর, জিরাব, আশুলিয়া, ঘোষবাগ, বেরন, জামগড়া, গুমাইল, বাংলাবাজার, ধনাইদ, শিমুলতলা, ইউনিক, বগাবাড়ী, বাইপাইল, বুড়ির বাজার, শ্রীপুর, জিরানী, পলাশবাড়ী, পুকুরপাড় ও ডেন্ডাবরসহ আশেপাশ এলাকার শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করে বলে মোখলেছুর রহমান জানান। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের মালিকানাধীন আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক কর্মীকে গুমের গুজবকে কেন্দ্র করে গত মে মাসেও টানা দুই দিন সভারে শ্রমিক-পুলিশ সংঘাত হয়। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে এক নারী শ্রমিক গাড়িচাপায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৮১৫ ঘ.