ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রনি (২৫) দৈনিক ইত্তেফাক পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি কাজি আবুল বাসারের ভাগ্নে।
সোমবার বিকালে রাজধানীর লালমাটিয়া এশিয়ান কার্ডিয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার তার জমিতে কাজ করার সময় স্থানীয় সন্ত্রাসী হাসমত, শাহ আলম ও মুজিবর রহমানসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ওই জমি দখলের উদ্দেশ্যে রামদা, রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় রনি, সেলিম, রমজান ও তিনি নিজে আহত হন বলে জানান বাসার।
বাসার আরো বলেন, ঘটনার পর সবাইকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রনির অবস্থার অবনতি ঘটলে তাকে এশিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের মারামারিতে সাংবাদিক বাসার বাদি হয়ে থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলা এখন হত্যা মামলা হিসেবে রুজু হবে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এইচএ/২২৪৯ ঘ.
bdnews24