সিরাজগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরো ১৩ জন অ্যানথাক্স আক্রান্ত রোগীকে সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার জেলা সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের পাঁচিল ও জয়পুড়া গ্রামে নারী-পুরুষ ও শিশুসহ নতুন করে ১৩ জন এ রোগে আক্রান্ত হয়েছে।
এর আগে গত দুই মাসে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৩৪ জন অ্যানথাক্স আক্রান্ত রোগীকে সনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। গত বছর মে-জুনে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুরে প্রায় পাঁচশ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ হয়।
জেলা সিভিল সার্জন ডা. নাজিম আরো জানান, অ্যানথ্যাক্স জীবাণুতে আক্রান্ত হওয়ার লক্ষণ বিভিন্ন সময়ে প্রকাশ পেতে পারে। তাই এখনও নতুন নতুন রোগী সনাক্ত হচ্ছে।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর রাম চন্দ্র সাহা মিলন জানান, এ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও প্রানি সম্পদ বিভাগ আক্রান্ত এলাকায় নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশুর সংস্পর্শে এলে এ রোগের জীবাণু মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এর সংক্রমণ হয় না।
আক্রান্ত গবাদি পশু জবাই না করার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন।
সোমবার সনাক্ত সনাক্ত রোগীদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গবাদি পশুগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
জনগণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে এবং প্রচারপত্র বিলি করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৩ ঘ.
bdnews24