ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও ফরিদ আহমেদের বেঞ্চ এই রায় দেয়।
তবে মিরপুর রোড, সাত মসজিদ রোড, ধানমণ্ডি ২ ও ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বাণিজ্যিক স্থাপনাগুলো এই আদেশের ফলে ক্ষতিগ্রস্ত হবে না।
স্থাপনাগুলো সরানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের নোটিশ দিতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
ধানমণ্ডি ১০/এ কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম মাসুদ ও সম্পাদক এম এ মতিন ২০১১ সালের ১ ফেব্রুয়ারি জনস্বার্থে হাই কোর্টে এই রিট আবেদন করেন।
তার আইনজীবী মনজিল মোরসেদ বলেন, রাজউকের বিধান অনুসারে নোটিশ ও সময় দিয়ে বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে হবে।
তিনি জানান, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের ১১টি শাখাকে একত্রিত করে তিন বছরের মধ্যে আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে বলেছে আদালত। স্থানান্তর শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিজস্ব লোকবলের মাধ্যমে যানজট প্রতিরোধের ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বলেন, “আদালত আবাসিক এলাকা থেকে অনুনোমোদিত বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ম্যাপল লিফ স্কুলকেও এক জায়গায় আনতে বলেছে। ওই এলাকায় আর কোনো বাণিজ্যিক স্থাপনা করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।’
সরকারের পূর্ত সচিব, পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকার জেলা প্রশাসক, পিডাব্লিউডি ধানমণ্ডি এলাকার নির্বাহী প্রকৌশলী, ওই এলাকায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতের এসব আদেশ বাস্তবায়ন করতে হবে।
অধ্যাপক এএফএম মাসুদ ও এমএ মতিন গত বছর এই রিট আবেদন করার পর আদালত এ বিষয়ে রুল জারি করেছিল। ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষা করতে বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছিল ওই রুলে।
একইসঙ্গে ওই এলাকায় নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
সোমবার রায়ের মধ্যে দিয়ে ওই রিট আবেদনের নিস্পত্তি করে দিল হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪১২ ঘ.
bdnews24