২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিতে সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিতে সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্সের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি বাংলার অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন প্রদেশে মুসলমান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলমান সহিংসতার জের ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় সোমবার রোহিঙ্গাদের নৌকা ফিরিয়ে দেয় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। এর পরিপ্রেক্ষিতেই ইউএনএইচসিআর এ আহ্বান জানায়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় ইতোমধ্যে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও মঙ্গলবার এক বিবৃতিতে মিয়ানমার সীমান্তে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখার কথা বলেছে। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স বিবিসিকে বলেন, “আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছি, তারা যেন যতটা সম্ভব সীমান্ত শিথিল রাখে, আশ্রয়প্রার্থীদের ঢুকতে দেয়।” রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সহিংসতা নিরসনে মিয়ানমার সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে। সীমান্ত এলাকায় যাতে অস্থিরতা ছড়িয়ে না পরে, তা নিশ্চিত করতে দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। মিয়ানমার সরকার দ্রৃুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সবচেয়ে ভালো পন্থা প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ। প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনো প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়। বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৫ ঘ.