ময়মনসিংহ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরের তারিকুল হুদা সুমন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছুমিয়া খানম এ রায় দেন।
মৃত্যুদণ্ড হয়েছে আসামি সাইদুল ইসলামের (৩৫)।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- শামীম ওরফে কাইল্য¬া শামীম (৩০), শহীদুল ইসলাম বীপু (৩২), আব্দুল বারী বাদল (৩৫), শাহাদাত হোসেন (৩০), হালিম (৩২) ও ঝুটন (৩৪)।
রায় ঘোষণার সময় ঝুটন, শাহাদাত হোসেন ও হালিম ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম বলেন, ২০০৬ সালের ৬ মে রাতে শহরের গোবিন্দ গাঙ্গুলি রোডের বাসা থেকে সুমনকে ডেকে পাশের ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাজমুল হুদা সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওই সাতজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24