২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতক সিমেন্ট কারখানা বেসরকারি না করার সুপারিশ

লাভজনক ছাতক সিমেন্ট কারখানা বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাব নাকচের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাভজনক ছাতক সিমেন্ট কারখানা বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাব নাকচের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি তোফায়েল আহমদ সংবাদিকদের জানিয়েছেন। ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কারখানা। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট সরকারি এ প্রতিষ্ঠানের ৮০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) বোর্ডের বিবেচনায় আছে। বোর্ডের আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। তোফায়েল বলেন, “দেশে শুধু ছাতক সিমেন্ট কারখানা এবং লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির ক্লিংকার উৎপাদনের ক্ষমতা রয়েছে। বাকি যেসব প্রতিষ্ঠান সিমেন্ট উৎপাদন করে, তারা ক্লিংকার আমদানি করে থাকে। ছাতক করাখানায় একই সঙ্গে ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন করে। প্রতিষ্ঠানটি এখনো লাভজনক।” ৫০০ কোটি টাকা ব্যয় করে এ প্রতিষ্ঠানটির আধুনিকায়ন করলে বছরে ১৫ লাখ মেট্রিক টন ক্লিংকার উৎপাদন করা যাবে জানিয়ে সাবেক শিল্পমন্ত্রী বলেন, “একই সঙ্গে সিমেন্টও উৎপাদন করতে পারবে।” কমিটির সদস্য মুহিবুর রহমান বলেন, “আমাদের বিরাষ্ট্রীকরণের অভিজ্ঞতা ভালো নয়। সেজন্যই সরকারি এই প্রতিষ্ঠানটি সেরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না।” তোফায়েল জানান, দেশে বর্তমানের ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন চিনি মজুদ আছে। ফলে আগামী রমজানে বাজারে চিনির ঘাটতি দেখা দেবে না। দেশে বর্তমানে ছয় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। যা আগামী মৌসুমে সরবরাহ করা হবে। বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ট অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিয়ে আলোচনা হয়। বিএসটিআই’র একার পক্ষে ভেজাল বিরোধী অভিযান চালানো সম্ভব নয় বলে মন্তব্য করে তোফায়েল বলেন, এজন্য সকল মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত কার্যক্রম চালাতে হবে। তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান, জাহিদ মালেক, এস এম আবদুল মান্নান, আনোয়ারুল আশরাফ খান, সুলতানা বুলবুল এবং বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৫ ঘ.