গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেছ উদ্দিন সরকারের ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে মোখলেছের ছেলে মনির সরকারকে (৩৬) ধারালো অস্ত্রের আঘাতে খুন করে লাশ টঙ্গীর বৌবাজার এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রোববার পুলিশ লাশ উদ্ধার করে।
টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, মনির রেলে কাটা পড়ে মারা গেছে এমন প্রচারণার চেষ্টায় লাশ রেললাইনে ফেলে রাখা হয়।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মন্নান জানান, মনিরের মাথা, কান, ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের প্রায় ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার মেরুদন্ড ও হাত-পা ভেঙে রাখে দুর্বৃত্তরা।
মনিরের বাবা মোখলেছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইনের ওপরে পড়ে থাকা ক্ষত-বিক্ষত মনিরকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে ও পরে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
“কিছুদিন আগে পূর্ব শত্রুতার জের ধরে হালিম নামে এলাকার এক যুবক মনিরকে হাত-পা বেঁধে মারধর করেছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে হালিম জড়িত বলে ধারণা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪৩৬ ঘ.
bdnews24