নড়াইল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানির বিচার না পেয়ে নড়াইলে এক গৃহবধূর অত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
মৃত রাবেয়া খাতুন (২২) নড়াগাতী থানার গাছবাড়িয়া গ্রামের এনায়েত হোসেন রুনুর স্ত্রী। তাদের চাঁদনী নামের আড়াই মাস বয়সের একটি মেয়ে রয়েছে।
শুক্রবার গভীর রাতে গাছাবাড়িয়ায় স্বামীর বাড়িতে ঘরের মধ্যে শাড়ী পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।
এলাকাবাসী ও স্বজনরা বলেন, বছরখানেক আগে পাশের ডুমুরিয়া গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে রাবেয়ার সঙ্গে রুনুর বিয়ে হয়। রুনু ঢাকায় দিনমজুরের কাজ করেন।
রাবেয়ার ভাসুর ইদ্রিস শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইয়ের অনুপস্থিতির সুযোগে বুধবার (৬ জুন) গভীর রাতে গ্রামের খোকন খাঁর ছেলে ইকরাম খাঁ (৩০) দরজা ভেঙে ঘরে ঢুকে রাবেয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা করে। রাবেয়ার চিৎকারে বাড়ির সবাই এগিয়ে এলে ইকরাম পালিয়ে যায়। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ও স্থানীয় জয়নগর ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে বিচার দেওয়া হয়।
তিনি আরো বলেন, দুই দিন টালবাহানার পর ইউপি সদস্য আরজু খান শুক্রবার রাতে নিজ বাড়িতে সালিশের ব্যবস্থা করেন। ওখানে ইকরাম দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। তখন সালিশকারীরা তাকে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে ক্ষমা করে দেন।
“শালিসের রায় মেনে নিতে না পেরে ওই রাতেই গলায় কাপড় পেঁচিয়ে আতœহত্যা করে রাবেয়া,” বলেন ইদ্রিস শেখ।
তিনি আরো বলেন, “আমরা গরীব মানুষ। আর ইকরামের পরিবার প্রভাবশালী। তাই এলাকার মানুষের বিচার মেনে নিতে বাধ্য হয়েছিলাম।”
সালিশের উদ্যোক্তা আরজু খাঁ বলেন, “শুক্রবারের বৈঠকে বাড়াবাড়ি না করতে উভয়পক্ষ সম্মত হয়ে সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু রাতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।”
এ মৃত্যুর জন্য দায়ী ইকরামকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নড়াগাতি থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় শ্লীলতাহানির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১১৩ ঘ.
bdnews24