নেত্রকোনা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে খুনের অভিযোগে নেত্রকোনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জাহেরা আক্তার (২০) নেত্রকোনা পৌর শহরের কাটলী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
জাহেরাকে হত্যার অভিযোগে শনিবার ভোরে আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামের প্রকৌশলী আব্দুর রশিদের ছেলে নয়ন মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটপাড়ার বিষনাই কান্দি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে ভোগাপাড়া গ্রামের নয়ন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
দুলালদের ফাঁসাতে ৩/৪ জনের সহযোগিতায় নিজের হাতে জাহেরাকে জবাই করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে নয়ন।
নিহত জাহেরার স্বামী বাবলুর বরাত দিয়ে ওসি আরো বলেন, বুধবার রাত ১০টার দিকে জাহেরা তার পরিচিত নয়ন ও অন্য এক যুবকের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
শুক্রবার দুপুরে আটপাড়ার বোজেরবাজার এলাকায় মগড়া নদী থেকে জাহেরার মস্তকবিহীন লাশ পাওয়া যায়। একইদিন রাতে দুলাল মিয়ার বাড়ির সামনে মাটির নিচ থেকে জাহেরার মাথা উদ্ধার করে পুলিশ।
ওসি আরো বলেন, জাহেরাকে জবাই করার সময় নয়নের হাতের একটি আঙ্গুল কেটে যায় বলে নয়ন জানিয়েছে।
এ ঘটনায় নয়নের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো তিন জনকে আসামি করে শুক্রবার রাতে আটপাড়া থানায় হত্যা মামলা করেন জাহেরার স্বামী বাবুল মিয়া।
নয়ন মিয়া হত্যা, অস্ত্র, পুলিশের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24