ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে বায়িং হাউজে চুরির ঘটনা তদন্তে যাওয়া পুলিশ কর্মকর্তার সামনে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন সন্দেহভাজন এক কর্মচারী।
নিহত আসাদুজ্জামান লেলিন (৩৫) গুলশানের ২ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় এশিয়া এক্সসেল ট্রেডিং নামে বায়িং হাউজে সিস্টেম এনালাইসিস হিসাবে কর্মরত ছিলেন।
বায়িং হাউজের কর্মকর্তারা জানান, রোবববার অফিস খোলার পর হিসাব বিভাগের একটি ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়, এটিতে ছয় লাখ টাকা ছিল। পরে এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা করা হয়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে গিয়েছিলেন গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদ মোবারক।
এসআই রাশেদ মোবারক জানান, অফিসের কয়েকজনের সঙ্গে সঙ্গে কথা বললে সবাই টাকা চুরির ঘটনায় লেলিনের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে। এক পর্যায়ে অফিসের প্রধানের সঙ্গে লেলিন একান্তে কথা বলার আগ্রহ প্রকাশ করে। তাছাড়া সে দুই লাখ টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছিল।
“এক পর্যায়ে আমি তাকে আমার সঙ্গে থানায় যাওয়ার জন্য বললে সে বারান্দায় গিয়ে নিচে লাফ দেয়,” বলেন পুলিশ কর্মকর্তা রাশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/২২৫৪ ঘ.
bdnews24