ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে বিএনপি বলেছে, এতে সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কোনো সুখবর নেই।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে টেলিভিশনে দেখেন বিএনপি নেতারা। বাজেট পর্যালোচনার জন্য একটি প্যানেলও করা হয়।
সংসদ বর্জন করে আসা বিরোধী দলের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট ‘অন্তঃসারশূন্য’। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা মহাজোটের নেই।
বিএনপির বাজেট পর্যালোচনা প্যানেলে ছিলেন সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম সাইফুল ইসলাম।
অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা।
এম কে আনোয়ার বলেন, “প্রস্তাবিত বাজেট জনবিরোধী। এতে জনগণের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন নেই। আমরা মনে করি, এই বাজেটের ফলে দ্রব্যমূল্য কমবে না, বিনিয়োগ বাড়বে না, আইনশৃঙ্খলার উন্নতি হবে না।”
“নির্বাচনের আগে দলীয় লোকজনের দাবি-দাওয়া পূরণের জন্য বিভিন্ন মহলের জন্য রাখা হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। সাড়ে তিনশ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। যা দলীয় নেতা-কর্মীদের কাছেই যাবে,” বলেন তিনি।
বাজেটের আকার উচ্চাভিলাষী বলে মনে করছে না বিএনপি। তবে তা বাস্তবায়নের সক্ষমতা নেই বলে দাবি করেছে তারা।
এম কে আনোয়ার বলেন, “রাজস্ব আয় উত্তরোত্তর বাড়তে পাবে, তবে সামষ্টিক বাজেট ব্যবস্থাপনার নি¤œগতির জন্য তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এ থেকে উত্তরণের কোনো দিক-নির্দেশনা বাজেটে নেই।
সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা অতিরিক্ত দাবি করে এক কে আনোয়ার বলেন, “আমরা মনে করি, বছর শেষে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যাবে। বেসরকারি খাতে ঋণ প্রদান কমে আসবে। ফলে শিল্পায়ন হবে না।”
কালো টাকা সাদা করার প্রস্তাবেরও সমালোচনা করেন তিনি। “দলীয় লোকজনকে বেসরকারি ব্যাংক দেওয়া হয়েছে। ব্যাংক স্থাপনের জন্য মূলধনী অর্থ প্রদানের জন্যই কালো টাকা সাদা করার এই সুযোগ দেওয়া হয়েছে বলে আমরা মনে করি,” বলেন বিএনপির এই নেতা।
প্রস্তাবিত বাজেটকে অন্তঃসারশূন্য অভিহিত করে মঈন খান বলেন, “এই বাজেটের নতুন কোনো ধ্যান-ধারণা নেই। অর্থমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে, বর্তমান সরকার দেউলিয়া সরকার। কারণ গত কয়েক বছর ধরে অর্থনীতির সব সূচকই নেতিবাচক।”
প্রবৃদ্ধির বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণের সঙ্গে দ্বিমত পোষণ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সামষ্টিক অর্থনীতির সব সূচক গত বছরের তুলনায় নি¤œমুখী। সরকারি ও বেসরকারি বিনিয়োগ নি¤œমুখী। যে দেশে বিনিয়োগ নেই, সেখানে কীভাবে জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, তা বোধগম্য নয়।”
ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কারণে গত দুই দশকের অর্থনীতির গড়ে উঠা ভারসাম্য নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওসমান ফারুক বলেন, “অর্থমন্ত্রীর প্রস্তাবিত রূপকল্প রূপকথা হিসেবেই থেকে যাবে। তার বক্তৃতায় দেখা যায়, তিনি সামষ্টিক অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় কোনো স্থিতিশীলতা আনতে পারেনি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, “প্রত্যাশার দিক থেকে এই বাজেট বড় অঙ্কের বলা যাবে না, কিন্তু তা অর্থায়নের অভাবে বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলে আমি মনে করি। কারণ গতবছরের সম্পূরক বাজেটেও অর্থায়নের অভাব দেখা গেছে।”
আবদুল আউয়াল মিন্টু মূল্যস্ফীতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম গার্মেন্টস শিল্প ও যন্ত্রাংশ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১২৫ ঘ.
bdnews24