কিশোরগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আব্দুল হামিদ সম্পর্কে ‘বিরূপ’ মন্তব্য করায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করে বিক্ষোভ করছে কিশোরগঞ্জ আওয়ামী লীগ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে রেলপথ-সড়কপথ অবরোধ করে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে।
কিশোরগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সমাপদক অ্যাডভোকেট এম এ আফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ সম্পর্কে বিচারপতির আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই বিচারপতির অপসারণের দাবিতে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছে নেতাকর্মী।”
পাকুন্দিয়া থানার এসআই জয়নাল আবেদিন এবং বাজিতপুর থানার এসআই শাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শেষে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সুপ্রিম কোর্ট জমি হস্তান্তরে হাইকোর্টের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল ‘অপরাধ’ বলে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মন্তব্য করলে তা নিয়ে রাতে সংসদে তুমুল সমালোচনা হয়।
ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা ওই বিচারকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানানোর পাশাপাশি বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার কথাও বলেছেন। সংসদের বাইরেও দেশের বিভিন্ন স্থানে ওই বিচারপতির অপসারণ চেয়ে সভা-সমাবেশ হচ্ছে।
একই দাবিতে কিশোরগঞ্জে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রায় চার ঘণ্টা বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশন অবরোধ করে রাখে।
এতে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার সাময়িকভাবে ট্রেন বন্ধ থাকার কথা স্বীকার করেন।
এছাড়া, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কয়েকটি এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্পিকার হামিদের নির্বাচনী এলাকার নেতা কর্মীরা। এ সময় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
পাকুন্দিয়া উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে অবরোধ করে মিছিলকারীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া, পাকুন্দিয়ার থানা ঘাট এলাকাতেও কিশোরগঞ্জ-ঢাকা সড়কে অবরোধ সৃষ্টি করে অপর একদল নেতাকর্মী।
হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিনের অপসারণ চেয়ে কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করে জেলা আইনজীবী সমিতি।
এ আদালতের পিপি শাহ আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্পিকারকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য করায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করে এ সমাবেশ করেন তারা।
গত বুধবার রাতেও এ নিয়ে জেলা শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৮২০ ঘ.
bdnews24