যশোর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি-খ সার্কেল) আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দু’মাস আগে যশোরে বদলি হয়ে আসা আজাদকে বুধবার ঈশ্বরদীতে ফের বদলি করেছে পুলিশের সদর দপ্তর।
যশোরের পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এএসপি আজাদের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও কর্তব্য অবহেলার অভিযোগ আনা হয়েছে।”
এর আগে একই অভিযোগে অভয়নগর থানার ওসি আহসান হাবিব ও মনিরামপুর থানার ওসি মো. ছয়ের উদ্দিনকে প্রত্যাহার করে খুলনার ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
গত ২ জুন জাতীয় সংসদের হুইপ ওহাব যশোরের মণিরামপুরের বিল কপালিয়ায় নদী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্প টিআরএম-এর কাজ পরির্দশনে গেলে হামলার শিকার হন। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলার সময় এএসপি আজাদসহ অভয়নগর ও মনিরামপুর থানার ওসির কাছে সাহায্য চাইলেও পুলিশ তাদের রক্ষায় এগিয়ে আসেনি বলে অভিযোগ করে আসছেন হুইপ ওহাব।
পুলিশ সুপার কামরুল জানান, এ ঘটনায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে তদন্ত কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে ব্যাপারে সুষ্পষ্ট কওে কিছু জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২৩৮ ঘ.
bdnews24