২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগ নেতাকর্মীসহ গুলিবিদ্ধ ৭

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের বোমা হামলা ও গুলিতে যশোর শহরে ৩ যুবলীগ নেতাকর্মীসহ সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের বোমা হামলা ও গুলিতে যশোর শহরে ৩ যুবলীগ নেতাকর্মীসহ সাতজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় এই গুলিবর্ষণ ও বোমাবাজির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহরের টালিখোলা এলাকার তরিকুল (২৬), লিচুবাগান এলাকার হাসান (৩০), টালিখোলা এলাকার মামুন (৩৫), পথচারী টালিখোলা এলাকার মাদ্রাসা শিক্ষক ফুয়াদ (৩৫), সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের রজব আলী (৫০), গৃহবধূ নাজমা (৩৫) ও টালিখোলা এলাকার রূপাকে (৩২) যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হাসান ও মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠুসহ কয়েকজন টালিখোলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। রাত সোয়া ৮টায় ৩টি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত সন্ত্রাসী সেখানে এসে প্রথমে ৪/৫টি বোমা ফাটায়। এরপর তারা ১৫/১৬ রাউন্ড গুলি করে। এতে যুবলীগের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুকে হত্যার জন্যই এই হমলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা। কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দু’পক্ষের বিরোধে এই গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধ চার পথচারীকেও হাসপাতালে ভর্তি করা হয়। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা জানান, ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৬ ঘ.