ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে ঐতিহাসিক ছয় দফা দিবস, যে দিনে বাঙ্গালির স্বাধীকারের আন্দোনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল।
বায়ান্নর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তানের শোষণ ও বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করতে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওই বছরের ১৩ মে পল্টনে আওয়ামী লীগের জনসভা থেকে ৭ জুন হরতালের কর্মসূচি দেওয়া হয়। ৭ জুন হরতাল চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তেজগাঁও বেঙ্গল বেভারেজের কর্মী মনু মিয়া। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান ছয় শ্রমিক।
ঢাকা ও নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৭ জুন সন্ধ্যায় কারফিউ জারি করা হয়। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে।
পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান ছয় দফাকে ‘অখ- পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে অবস্থান নেন। তিনি দফা মোকাবেলারও কথা বলেন।
ওই বছরের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
জনগণের ভোটাধিকার, আলাদা মুদ্রা ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য, আঞ্চলিক কর পদ্ধতি চালুর সেই সেই ছয় দফা দাবিই পরে বাঙালির স্বাধীনতার গণদাবিতে পরিণত হয়।
এরই পথ ধরে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়।
৬ দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় প্রথমে সরকার প্রধান হিসাবে এরপর পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন আমাদেরকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায় এবং চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিকীকরণে উদ্বুদ্ধ করে।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঐতিহাসিক ৭ই জুনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় ঋদ্ধ হয়ে দেশের মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
ছয় দফা দিবস উপলক্ষে গত বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১১৫০ ঘ.
bdnews24