বরিশাল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কির্তনখোলা নদীতে দক্ষিণ লামচরী গ্রামের মোস্তফা ফরাজীর ছেলে জুয়েল ফরাজীর (১৮) লাশ ভেসে ওঠে।
চরবাড়িয়ার ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুয়েলের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
বুধবার সকালে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় কোস্টগার্ড সদস্যদের সঙ্গে জেলেরদের সংঘর্ষের ঘটনা ঘটে।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর-ই-আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকালে একটি টহল দল চরমোনাই এলাকায় চারটি নৌকায় জেলেদের অবৈধভাবে মাছ ধরতে দেখে এগিয়ে যায়।
তখন জেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে এক কোস্টগার্ড সদস্য আহত হয়। এ সময় পালানোর সময় দুই জেলেকে আটক করা হয়।
তারা হলেন- সদর উপজেলার চরবাড়িয়া ইউপির আব্দুল মজিদ মাঝির ছেলে হান্নান ও একই গ্রামের ফজল হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৪০)।
তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা নূর। তবে তিনি আহত কোস্টগার্ড সদস্যের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে রফিক নামে একজন জেলে দাবি করেছেন, সকালে তারা ১১ জেলে নদীতে জাল ফেলে বসেছিলেন। এমন সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে জেলেরা ট্রলার নিয়ে পালাতে শুরু করেন।
একপর্যায়ে কোস্টগার্ড সদস্যরা গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন তিনি। তখন নদীতে পড়ে জুয়েল নিখোঁজ হয়।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, থানা হেফাজতে দেওয়া দুই জেলের মধ্যে কবির মাঝির পায়ে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২৩ ঘ.
bdnews24