বগুড়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুঁইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার মনিকা (৪) ভুঁইপুর গ্রামের সাজেদুর রহমানের মেয়ে এবং ঈশরাত জাহান রিতু (৫) আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম বশিকোড়া গ্রামের ওমর ফারুকের মেয়ে।
নিহত দুই শিশু একে অপরের খালা-ভাগ্নি। রিতু কয়েকদিন আগে থলের মেলা উপলক্ষে ভুঁইপুর গ্রামে নানা ফয়েজ আলীর বাড়িতে বেড়াতে এসেছিলো।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাড়ির পুকুরপাড়ে দুই শিশু খেলছিল। এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়।
পরে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫১ ঘ.
bdnews24