২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: মন্ত্রী

পরিবেশ দূষণকারী এবং দখলদারদের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণকারী এবং দখলদারদের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। আগারগাঁওয়ের বন ভবনে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এ আহ্বান জানান। পরিবেশ দূষণের দায়ে আইনে জরিমানার বিধান থাকলেও বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা কার্যকর করা হয়নি দাবি করে মন্ত্রী বলেন, “এই সরকারের তিন বছরে পরিবেশ দূষণের দায়ে সর্বমোট ৭৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আদায় হয়েছে ৪৬ কোটি টাকা।” এছাড়া ‘সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি চালু করা’কে সরকারের একটি বড় অর্জন বলে তিনি মনে করেন। এদিকে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও এর উৎপাদন এবং ব্যবহার কেন রোধ করা যাচ্ছে না- জানতে চাইলে হাছান মাহমুদ জানান, গত দুটি সরকারের সাত বছরের তুলনায় এই সরকারের তিন বছরে তিনগুণ বেশি অভিযান চালানো হয়েছে। জরিমানা হিসাবে আদায় হয়েছে পাঁচগুণেরও বেশি অর্থ। তা সত্ত্বেও পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়ার কারণ হিসাবে এর ব্যবহারকারীদের ‘অসচেতনতাকে’ দায়ী করেন তিনি। “ক্রেতাদের কাছে এখনো পলিথিনের ব্যপক চাহিদা রয়েছে। যদি ক্রেতারা এটি ব্যবহার না করেন তাহলে বিক্রেতারা নিরুৎসাহিত হবেন। আর পলিথিন কারখানাগুলো এতো ছোট পরিসরে হয় যে অনেক সময় এগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর অধ্যাপক নিয়াজ আহমেদ খান মনে করেন, পরিবেশ এবং উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্যের ঘাটতি রয়েছে। এ দুটোর মধ্যে যোগসূত্র স্থাপন করতে না পারলে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মো. শাহজাহান, প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী, পরিবেশ সচিব মেজবাহ-উল-আলম এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সিনিয়র অ্যাডভাইজার আমিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর এবং ইউএনডিপি যৌথভাবে এই সভার আয়োজন করে। সভাশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/১৯৪১ ঘ.