২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন, ইন্টারনেটে ধীরগতি

সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় সারাদেশে ইন্টারনেট সংযোগের গতি ধীর। স্বাভাবিক গতি পেতে কমপক্ষে তিন থেকে চার দিন লেগে যেতে পারে- বলছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় সারাদেশে ইন্টারনেট সংযোগের গতি ধীর। স্বাভাবিক গতি পেতে কমপক্ষে তিন থেকে চার দিন লেগে যেতে পারে- বলছেন সংশ্লিষ্টরা। সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে সাবমেরিন ক্যাবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হওয়ার কথা জানান সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ডিজিএম মো. শাখাওয়াত হোসেন। ফলে ওয়েস্ট সেগমেন্ট দিয়ে ইন্টারনেটে ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে। মো. শাখাওয়াত হোসেন বলেন, “কাটা পড়ার পর পরই ওয়েস্ট সেগমেন্ট (ইতালি) দিয়ে ইন্টারনেটে ব্যন্ডউইথ সরবরাহ করা হচ্ছে। তাই পুরো বাংলাদেশে ইন্টারনেটে ধীরগতির সমস্যা হচ্ছে।” বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশে একমাত্র সাবমেরিন কেবল ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-উই-ফোর) পরিচালনা করছে বিএসসিসিএল। সমস্যা সমাধানে কতদিন সময় লাগবে- জানতে চাওয়া হলে শাখাওয়াত হোসেন বলেন, “মেরামত করতে তিন থেকে চার দিন সময় লেগে যেতে পারে। এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯৪২ ঘ.