২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এএসআই নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

নারায়ণগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই আরিফুল হক ফরিদপুর সদর থানার ভাঙ্গা গ্রামের জামান শেখের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিলেন এএসআই আরিফুলসহ অন্য পুলিশ সদস্যরা। এ সময় শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এএসআই আরিফকে চাপা দেয় এবং রাস্তার পাশের ৩টি দোকানের দেয়াল ভেঙে ফেলে। গুরুতর আহত এএসআই আরিফুলকে উদ্ধার করে শহরের খানপুরে দুইশ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি মতিন জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটির চালক আজগর আলী এবং হেলপার তাইজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের এসআই আজিজুল হক বাদি হয়ে মামলা করেছেন। আরিফুলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৯ ঘ.