নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নিটওয়্যার গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা বোর্ডের সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
৭ জুলাই এ নির্বাচন হওয়ার কথা।
আগামী ৭ দিনের মধ্যে নতুন তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সুলভ চৌধুরী।
এর আগে নির্বাচন পরিচালনা বোর্ড ও দুই ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন পরিচালনা বোর্ডের মেয়াদ দুই মাস বৃদ্ধি করে।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আইউব জানান, তাদের বোর্ডের মেয়াদ ছিল ১৭ জুলাই পর্যন্ত। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাদের মেয়াদ ২ মাস বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।
এদিকে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সোমবার বিকেল পর্যন্ত ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২১ ঘ.
bdnews24