২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে চিংড়ির পোনা জব্দ, ১৩ জনকে দণ্ড

পটুয়াখালীতে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির পোনা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

পটুয়াখালী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির পোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার প্রথম প্রহরে পটুয়াখালী সেতুর টোলঘর এলাকা থেকে পোনাসহ ১৩ জনকে আটক করে পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পোনাগুলো কুয়াকাটা থেকে বাগেরহাট-খুলনা-সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৪০), মো. কবির হোসেন (৩৭), নূর সাইদ (২১), মো. সাহেব আলী (৪০), মো. সুলতান আকন (৫২), মো. মানিক গাজী (২০), মো. হাবিব মোল্লা (৪০), মো. আমিন উদ্দিন (৩৪), মো. হাবিব মোল্লা (৩০), মো. আনোয়ার খান (৩০), ট্রাক চালক মো. জামাল উদ্দিন (২৪), ট্রাকের হেল্পার সজিব হাওলাদার (১৮) ও মো. রাসেল (২৫)। রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী হাকিম মো. আহসান উল্লাহ শরীফি প্রথম ১০ জনের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এই অভিযানে নেতৃত্বদানকারী পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিষিদ্ধ পোনা বহনের অভিযোগে ট্রাকচালক জামাল ও হেল্পার রাসেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের তিন মাস কারাভোগ করতে হবে। রাত ৩টার দিকে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ২০টি ড্রাম ও ২০টি হাড়ি ভর্তি পোনা লাউকাঠী নদীতে অবমুক্ত করা হয় বলে জানায় পুলিশ। মৎস্য সম্পদ রক্ষায় রেনু পোনা সংগ্রহের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৫ ঘ.